রিং আইডি খুলে দিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ

৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৩১  
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডি চালু এবং ‘রিং আইডি কমিউনিটি জবস মেম্বারশিপ’ খাতে বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন রিং আইডির গ্রাহকরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন গ্রাহক অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের অভিযোগ, তাদের অনেকেই জবস মেম্বারশিপে বিনিয়োগ করার জন্য বিভিন্ন এনজিও, সমিতি এবং ব্যাংক থেকে লোন নিয়েছে। এখন এই লোনগুলো সুদসহ পরিশোধ করতে সবাইকে নিঃস্ব হতে হচ্ছে। অংশগ্রহণকারীরা আরো জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি থেকে তারা প্রতিদিন সকাল ৯টায় প্রেস ক্লাবে আসেন এবং বিকেল ৫টায় চলে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে আসবেন। প্রতিবাদ সমাবেশে গ্রাহক নিয়ামুল হক সুমন বলেন, রিং আইডির একজন গ্রাহকের মামলার ভিত্তিতে তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়াসহ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। কিন্তু ওই তদন্ত করতে এত সময় লাগবে তা আমাদের মতো সাধারণ গ্রাহকদের জানা ছিল না। এজন্য আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ প্ল্যাটফর্মের বিরুদ্ধে একজন ভুক্তভোগী মামলা করেন। এরপর ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি জানিয়েছে, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে উপার্জনের কথা বলে প্রতিষ্ঠানটি জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। প্রসঙ্গত, গত বছরের মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিল।